রাজশাহী ব্যুরো : রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলে বিগত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। তবে বরাবরের মতো এবারো ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।
এইচএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৪ হাজার ৯০২ জন শিক্ষার্থী। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. অলীউল আলম ফল ঘোষণা করেন।
ঘোষিত ফল অনুযায়ী- এবার রাজশাহী বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৯ হাজার ১৯৩ জন। এর মধ্যে ১ লাখ ৩৭ হাজার ১৮৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ১ লাখ ১১ হাজার ৪৪৮ জন পাস করে। পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ। এর মধ্যে পাসের হার ছাত্র ৭৬ শতাংশ ও ছাত্রী ৮৭ শতাংশ।
আর এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর মধ্যে ২৪ হাজার ৯০২ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৩০৫ জন। আর ছাত্রী ১৪ হাজার ৫৯৭ জন।
ফলাফলে দেখা গেছে, চলতি বছরের পরীক্ষায় ৭৪১টি কলেজ থেকে মোট এক লাখ ৩৭ হাজার ১৮৪ শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে এক লাখ ১১ হাজার ৪৪৮ শিক্ষার্থী সব বিষয়ে পাস করেছেন। এতে পাসের হার দাঁড়িয়েছে ৮১ দশমিক ২৪ শতাংশ।
গত বছর পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬। অর্থাৎ গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে ২ দশমিক ৭৮ শতাংশ। এ বছর সর্বমোট জিপিএ-৫ পেয়েছেন ২৪ হাজার ৯০২ জন শিক্ষার্থী। গত বছর পেয়েছিলেন ১১ হাজার ২৫৮ শিক্ষার্থী।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী- গেল কয়েক বছরের ধারাবাহিকতায় এ বছরও ছেলেদের তুলনায় মেয়েরাই ভালো ফল করেছেন। পাসের হার ও জিপিএ-৫ উভয় দিক থেকেই তারা এগিয়ে রয়েছেন।
রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই শতভাগ পাস করেছেন। তবে এমন ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে যেখান থেকে একজন পরীক্ষার্থীও পাস করতে পারেননি। এ বছর এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ৩৩১। আর অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার হল থেকে বহিষ্কৃত হয়েছেন ২৪ জন।
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন আটটি জেলার মধ্যে ফলাফলে এগিয়ে রয়েছে রাজশাহী। রাজশাহী জেলায় এবার পাসের হার ৮৯ দশমিক ১২ শতাংশ। এরপর দ্বিতীয় অবস্থানে আছে বগুড়া জেলা।
এখানে পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা নাটোর জেলায় পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ, নওগাঁ জেলায় ৭৪ দশমিক ৭১ শতাংশ, পাবনা জেলায় ৮১ দশমিক ৪৭ শতাংশ, সিরাজগঞ্জ জেলায় ৭৫ দশমিক ৯১ শতাংশ, জয়পুরহাট জেলায় ৭৬ দশমিক ৭৮ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ৭৭ দশমিক ৩১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
সংবাদ সম্মেলনে রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানান, রাজশাহী বোর্ডে গত বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে ২ দশমিক ৭৮ শতাংশ। এছাড়া গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ২৫৮ জন শিক্ষার্থী। এবার তা দ্বিগুণেরও বেশি।
অথচ গত বছর পরীক্ষা দেওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৩৮ হাজার ৩৯০ জন। অর্থাৎ এবারের চেয়েও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছিল গতবার। তবে কম শিক্ষার্থী অংশ নিয়েও এবার বেশি সংখ্যক শিক্ষার্থী ভালো ফলাফল করতে পেরেছে। তবে যেসব কলেজের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি সেসব কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. অলীউল আলম।


















