নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর আলীগঞ্জ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মী প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তা নাম মো: শান্ত। তিনি রাজপাড়া থানার অন্তর্গত আলীগঞ্জ এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে পরীক্ষা-নিরীক্ষা করে রামেকের জরুরী বিভাগের চিকিৎসকরা দেখেন তিনি জীবিত আছেন কি-না। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে পরে তাকে মর্গে পাঠানো হয়েছে বলে জানান রামেকের জরুরী বিভাগের চিকিৎসক ডা. শঙ্কর কে বিশ্বাস। তিনি বলেন, লাশটি পোস্ট মর্টেম শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক গণমাধ্যমকে জানান, জমি কেনা-বেচা নিয়ে বিরোধের জেরে তিনি নিহত হন। তার বাড়ির পাশেই একটা জমি নিয়ে প্রতিপক্ষ রিপন, নয়ন, রুবেল, মঞ্জুর সহ কয়েকজনের সঙ্গে বিবাদ রয়েছে নিহত শান্তর মামা ডালিমের। ডালিমের সঙ্গে হাতাহাতি ছাড়াতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন শান্ত।
বিদেশে যাওয়ার জন্য শান্ত বুধবারই টিকেট কিনেছিলেন। শ্রমিক হিসেবে এ মাসেই সৌদি আরবে যাওয়ার কথা ছিল তার। কিন্তু বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে অনাকাঙ্ক্ষিত বিবাদে জড়িয়ে প্রাণ হারান তিনি।


















