রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাবির ৭২ ব্যাচের ক্লাস শুরু, নবীনদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস

প্রতিবেদক
editor
আগস্ট ১৭, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের (৭২তম ব্যাচ) শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে স্ব স্ব বিভাগগুলো। নবীনদের পদচারণায় মুখরিত হয়েছে মতিহারের সবুজ চত্বর।

রোববার (১৭ আগস্ট) সকাল থেকেই রঙ্গিন বেশে নবীনদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। সকাল ১০টায় বিভিন্ন অনুষদ ও বিভাগের সামনে তাদের সঙ্গে অভিভাবকদেরও দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নবীনদের সংখ্যা বাড়তে থাকে।

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে প্রতিদিনের চেয়ে একটু অন্যরকম সাজে ক্যাম্পাসে এসেছেন বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা। পরিচিতির মাধ্যমে বরণ করে নেন বিভাগের শিক্ষকরাও। এ যেন অন্য রকম এক উৎসব।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, নবীনদের আগমনে নতুন রূপ ধারণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, টুকিটাকি চত্বর, পরিবহণ মার্কেট, ইবলিশ চত্বরসহ বিভিন্ন জায়গায় নতুন-পুরোনো শিক্ষার্থীদের আড্ডা ছিল লক্ষণীয়। তবে পুরাতনদের ছাপিয়ে ক্যাম্পাসে নতুনদের পদচারণাই ছিল চোখে পড়ার মতো।

নবীনবরণ অনুষ্ঠান শেষে সবাই যখন অ্যাকাডেমিক ভবন থেকে বেরিয়ে আসেন তখন যেন আনন্দের মাত্রা আরও বেড়ে যায়। সবার হাতে হাতে ফুল, একে অপরের সঙ্গে পরিচিত হচ্ছে। অনেকে আবার বসে পড়েছে আনন্দ আড্ডায়। প্রবীণদের কেউ কেউ আবার গান ধরেছেন মনের আনন্দে। ক্যাম্পাসের পুরোটাই এক আনন্দঘন পরিবেশ।

প্রথম দিনের অনুভূতি জানতে চাইলে নৃবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী রিচিতা বিনতে মালিক বলেন, প্রথম দিন বিশ্ববিদ্যালয়ে এসে একদম নতুন একটা অনুভূতি হয়েছে। এখানে নতুন বন্ধু, নতুন পরিবেশ আর শিক্ষকদের আন্তরিকতা আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে।

আরেক নবীন শিক্ষার্থী শুয়াইব হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবেশ আমাদের জন্য অনেক আনন্দ আর উচ্ছ্বাসের। তবে এখানে আসার পথটা আমার জন্য সহজ ছিল না। ভর্তির শুরুটা ছিল বেশ কঠিন। প্রথমবার চান্স না পাওয়ায় ভীষণ হতাশায় পড়েছিলাম। সেই হতাশা কাটিয়ে দ্বিতীয়বার চেষ্টা করি, আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাই। আজ এই ক্যাম্পাসে দাঁড়িয়ে মনে হচ্ছে, সেই সমস্ত পরিশ্রম আর কষ্ট সার্থক হয়েছে।

এদিকে নবীন শিক্ষার্থীরা কোনো ধরনের র‍্যাগিংয়ের শিকার হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান নবীনদের স্বাগত জানিয়ে বলেন, র‍্যাগিং আইনত দণ্ডনীয় ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী কাজ। কেউ এতে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানাচ্ছি।

সর্বশেষ - অন্যান্য