রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে দুই সহযোগীসহ ৫ দিনের রিমান্ডে অনিন্দ্য

প্রতিবেদক
editor
আগস্ট ১৭, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতার মোন্তাসেরুল আলম অনিন্দ্য (৩৩) এবং তার দুই সহযোগী মো. রবিন (২৮) ও মো. ফয়সালের (৩০) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে শুনানি শেষে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মামুনুর রশিদ এই রিমান্ড মঞ্জুর করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আদালত পরিদর্শক আবদুর রফিক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামিদের দুপুরে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেন। জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন তিনি। পরে আদালত পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন।

আবদুর রফিক জানান, আসামিপক্ষ জামিনের আবেদন করেছিল। কিন্তু আদালত তা নামঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হলে তদন্ত কর্মকর্তা আসামিদের থানায় নিয়ে গেছেন।

এরআগে রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতার মোন্তাসেরুল আলম অনিন্দ্য (৩৩) এবং তার দুই সহযোগী মো. রবিন (২৮) ও মো. ফয়সালের (৩০) বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়। শনিবার দিবাগত রাতে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ গণমাধ্যমকে জানান, নতুন করে দায়ের করা মামলায় তিনজনকেই গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া অন্য কোনো মামলায় এখনো তাদের গ্রেফতার দেখানো হয়নি।

গ্রেফতার অনিন্দ্য রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাট্টুর ছেলে। এছাড়া অনিন্দ্য “ডক্টর ইংলিশ” নামের কোচিং সেন্টারের মালিক এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র (অপসারিত ও পলাতক) এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই।

তবে বাবা বিএনপির রাজনীতির সাথে জড়িত হলেও চাচাতো ভাই আওয়ামী লীগের নেতা লিটনের কথা মতো কাজ করেন অনিন্দ্য।
ডক্টর ইংলিশ প্রতিষ্ঠানটি যে জায়গায় অবস্থিত সেটি আওয়ামী লীগ নেত লিটনদের পৈতৃক বাড়ি।

শনিবার সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এই কোচিং সেন্টারে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। যৌথ অভিযানে অনিন্দ্যসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র, গুলি, সামরিক মানের দুরবিন, জিপিএস, স্নাইপার স্কোপ, দেশীয় অস্ত্র, বিদেশি ধারালো ডেগার, উন্নতমানের ওয়াকিটকি সেট, টিজারগান, অব্যবহৃত সিম কার্ড, বোমা তৈরির সরঞ্জাম, কম্পিউটার, দেশি-বিদেশি মদ এবং নাইট্রোজেন কার্টিজ।

২০১৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ড এবং একই বছরের জুলাইয়ে গুলশানের হোলি আর্টিজান হামলার ঘটনায় ‘সন্দেহভাজন জঙ্গি’ হিসেবে গ্রেফতার হয়েছিলেন অনিন্দ্য। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল তাকে। তবে রাজনৈতিক প্রভাবের কারণে তিনি ওই দুটি মামলা থেকে পার পেয়ে যান।

এ দুটি মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জঙ্গি শরিফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অনিন্দ্যের সঙ্গে পড়াশোনা করতেন। গ্রেফতারের পর শরিফুল জানিয়েছিলেন, তিনি অনিন্দ্যের মাধ্যমেই আনসার-আল ইসলামে যোগ দিয়েছিলেন। আর তাদের দায়িত্বপ্রাপ্ত নেতা অনিন্দ্য।

সর্বশেষ - অন্যান্য