অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে সংঘাতে যুক্তরাষ্ট্রই ইসরাইলকে বাঁচিয়েছে। আর এবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও যুক্তরাষ্ট্র রক্ষা করবে বলে মন্তব্য করেছেন তিনি। নেতানিয়াহুর বিরুদ্ধে মূলত দুর্নীতির অভিযোগে ইসরাইলের আদালতে বিচার চলছে। সেদিকে ইঙ্গিত করেই এ কথা বলেছেন ট্রাম্প।
বৃহস্পতিবার (২৬ জুন) তুর্কী সম্প্রচারমাধ্যম টিআরটি গ্লোবাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। টিআরটির প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুকে দুর্নীতির অভিযোগে তার বিচার বাতিল করার অথবা তাকে ক্ষমা করার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় বলেছেন, ‘নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত। অথবা একজন মহান বীরকে ক্ষমা করা উচিত, যিনি ইসরাইলের জন্য অনেক কিছু করেছেন।’
তিনি আরো জানান, সোমবার নেতানিয়াহুর আদালতে হাজির হওয়ার কথা রয়েছে বলে খবর পেয়েছেন তিনি। নেতানিয়াহুর প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট তার বার্তায় বলেন, ‘যুক্তরাষ্ট্রই ইসরাইলকে বাঁচিয়েছিল আর এখন নেতানিয়াহুকেও বাঁচাবে যুক্তরাষ্ট্র।’
ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্য স্পষ্টভাবে ইরানের পারমাণবিক কর্মসূচিতে ইসরাইলের অবৈধ হামলায় মার্কিন সম্পৃক্ততা এবং এর প্রতি সমর্থনের দিকেই ইঙ্গিত করে।


















