নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া উপজেলায় হাবিবা বেগম (২৯) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার কান্দ্রা আশ্রয়ণ প্রকল্প এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। হাবিবা বেগম ওই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৃত খলিলুর রহমানের মেয়ে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল হোসেন গণমাধ্যমকে জানান, ঈদের পর হাবিবা বেগম শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে এসে অবস্থান করছিলেন। ভোররাতে পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে শৌচাগারের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ওই নারী শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।
তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হবে বলে জানান তিনি।


















