অনলাইন ডেস্ক : বিশ্বখ্যাত বাংলাদেশী কারী শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিচারক হিসেবে অংশ নিতে কানাডা যাচ্ছেন। শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় এ উদ্দেশ্যে তাঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো কানাডা সফর করছেন শায়খ আযহারী। এছাড়া এ সফরকালে তিনি কানাডার বিভিন্ন রাজ্যে অনুষ্ঠেয় একাধিক কোরআন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
‘আল-মাদিনা ইসলামিক এসেম্বলি ক্যালগারি’ আয়োজিত এ প্রতিযোগিতা ও সম্মেলন আগামী শনিবার (২৫ মে) মিসিসাওগা থেকে শুরু হবে। আল-মাদিনা এসেম্বলির অন্যতম পরিচালক বাংলাদেশী আলেম ইমাম আমীর খসরু বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, শায়খ আহমাদ বিন ইউসুফের এই সফরের মাধ্যমে কানাডায় অবস্থানরত বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের মাঝে বাংলাদেশের সম্মান বৃদ্ধি পাবে।
কানাডা সফর শেষে শায়খ আযহারীর আগামী ১০ জুন দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী বাংলাদেশে বিশুদ্ধ তেলাওয়াত ও কিরাতের রূপকার কারী মুহাম্মাদ ইউসুফ রহঃ-এর বড় পুত্র এবং আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থার (ইকরা) প্রেসিডেন্ট ও মা’হাদুল কিরাত বাংলাদেশের পরিচালক।


















