নিজস্ব প্রতিবেদক : শপথ গ্রহণ করেছেন রাজশাহীর কাটাখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র রাবেয়া সুলতানা মিতু। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরের দিকে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর তার সম্মেলনকক্ষে নতুন মেয়রকে শপথবাক্য পাঠ করান।
পরে একই অনুষ্ঠানে নওগাঁ পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নবনির্বাচিত নারী কাউন্সিলর সেলিনা খানম নাদিরাকে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার। এরপরে এ দুই জনপ্রতিনিধিকে দেশপ্রেমের সঙ্গে যথাযথভাবে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানান। এসময় স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান উপস্থিত ছিলেন।
এদিকে শপথ গ্রহণের পর রাজশাহী নগরীর কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে যান কাটাখালী পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা মিতু। তিনি কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার সঙ্গে কর্মী-সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৮ এপ্রিল কাটাখালী পৌরসভার উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে পৌরসভার মেয়র নির্বাচিত হন রাবেয়া সুলতানা মিতু। কাটাখালী পৌরসভার সাবেক মেয়র (বরখাস্তকৃত) ও সাবেক আ’লীগ নেতা আব্বাস আলী তার স্বামী।


















