নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে এক বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। চাঁদা না পেয়ে এক ব্যক্তিকে মারধরের অভিযোগে গত বৃহস্পতিবার রাজশাহীর পবা উপজেলা বিএনপির আহবায়ক আলী হোসেনসহ তিনজনের বিরুদ্ধে কাটাখালী থানায় একটি মামলা হয়েছে। মামলাটির বাদী পবার তরফ পারিলা গ্রামের আব্দুল কুদ্দুস।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, পবার আশরাফের মোড় দিয়ে চলাচলকারী ট্রাক্টর থেকে চাঁদা আদায় করা হয়। ওই এলাকা দিয়ে আব্দুল কুদ্দুসের একটি ট্রাক্টর চলে। গত ২৬ ফেব্রুয়ারি, ৪ মার্চ ও ১৩ মার্চ গাড়ি চলাচলের জন্য ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা চাঁদা আদায় করেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, তার ছেলে মো. আকাশ ও নলখোলা গ্রামের মো. শাহীন নামের এক ব্যক্তি।
অভিযোগে বলা হয়, ২০ হাজার টাকা দেওয়ার পরও প্রতিদিন প্রতিটি গাড়ি থেকে ১০০ টাকা করে চাঁদা তোলা হয়। ১৬ মার্চ রাতে কুদ্দুসের গাড়ি থেকে আবার চাঁদা দাবি করা হয়। ৩০ হাজার টাকা দেওয়ায় এই ১০০ টাকা দিতে চাননি চালক। তখন আলী হোসেন ট্রাক্টরের চালককে মারধর করেন। এই অভিযোগে থানায় মামলাটি করা হয়েছে।
তবে এ ব্যাপারে পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন গণমাধ্যমকে জানান, চাঁদাবাজি ও মারধরের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


















