অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহ কলকাতায় পাওয়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে বাংলাদেশ পুলিশ ভারতীয়পক্ষের সঙ্গে কাজ করছে। আমাদের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ বিষয়ে বিস্তারিত খবর নিচ্ছেন।’ বুধবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী টেলিফোনে সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘ভারতের এক ডিআইজির উদ্ধৃতি দিয়ে আমাদের পুলিশও বলেছে, আনোয়ারুল আজীমের মরদেহ কলকাতায় পাওয়া গেছে। বিষয়টি নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত তথ্য আমাদের কাছে নেই। আমাদের আইজিপি ডিটেইলস খবর নিচ্ছেন। সব নিশ্চিত হয়ে গণমাধ্যমকে জানাবো আমি।’
এর আগে ভারতে গিয়ে নিখোঁজ বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ কলকাতার নিউটাউন থেকে উদ্ধারের খবর দেয় স্থানীয় একটি গণমাধ্যম। সীমান্ত এলাকা ঝিনাইদহ-৪ আসনের টানা তিনবারের সংসদ সদস্য (এমপি) ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন আনোয়ারুল আজিম আনার। গত ১৯ মে এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ বলেছিলেন, ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু এরপর ১৬ মে তার সঙ্গে শেষ কথা হয়েছে।
গত ১৯ মে ডিবি কার্যালয়েও যান আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। সেদিন তিনি বলেছিলেন, ‘তিনদিন ধরে আমার বাবাকে ফোনে পাচ্ছি না। তার মোবাইল ফোনটি মাঝে মাঝে খোলা পাই আবার মাঝে মাঝে বন্ধ পাই। পরে এই বিষয়ে আমি ডিবি প্রধানের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাকে বলেছেন বিষয়টি তিনি দেখছেন। পরে আজকে আমি উনার কার্যালয়ে আসি। তিনি আমাদের সহযোগিতা করছেন। বাবাকে ফোনে না পাওয়ার কারণেই মূলত আমি ডিবি কার্যালয়ে এসেছি। আমি নিজেও ভারতে দ্রুত সময়ের মধ্যে যাবো।’

















