নিজস্ব প্রতিবেদক : শিক্ষকদের ওপর শিক্ষা কর্মকর্তাদের হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) রাজশাহী জেলা শাখা উদ্যোগে বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে আঞ্চলিক শিক্ষা ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে বক্তারা বলেন, আজ ৩৫তম থেকে ৪১তম বিসিএসে নন-ক্যাডার থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকেরা তাদের দাবি নিয়ে শিক্ষাভবনে গিয়েছিলেন। এসময় উপবৃত্তি প্রকল্প থেকে রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা তাদের ওপর হামলা করেছেন। এই ন্যক্কারজনক হামলার প্রতিবাদ জানান শিক্ষকেরা।
মানববন্ধন থেকে টাইমস্কেল বা সিলেকশন গ্রেড, এন্ট্রি পদ নবম গ্রেডসহ মাধ্যমিক শিক্ষকদের বৈষম্য নিরসনসহ মাধ্যমিক পর্যায়ে মেয়াদোত্তীর্ণ সব প্রকল্প বাতিলের দাবি জানানো হয়। যারা শিক্ষকদের ওপর হামলা করেছেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান রাজশাহীর শিক্ষকেরা।
কর্মসূচি পরিচালনা করেন জ্যেষ্ঠ শিক্ষক মো: শহীদুল্লাহ। বক্তব্য দেন শিক্ষক হাবিবুর রহমান, সাইফুল ইসলাম, এম কামাল, আনোয়ার সাদাত, ইকবাল হোসেন প্রমুখ। কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।


















