নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এবং পুলিশের সংঘর্ষকালে মাথায় গুলিবিদ্ধ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগরী সাংগঠনিক সম্পাদক আলী রায়হান মৃত্যুবরণ করেছেন। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মারা যান তিনি। তিনি রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে গত ৫ আগস্ট রাজশাহী নগরীর আলুপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এবং পুলিশের সংঘর্ষকালে আলী রায়হান মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন। পরে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মাথায় অপারেশন করে গুলি বের করা হলেও আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। এরপর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মারা যান তিনি।
রামেক হাসপাতালের আইসিইউ’র ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাথায় গুলিবিদ্ধ হওয়ার কারণে অপারেশন করা হলেও তার অবস্থা আশঙ্কাজনক ছিল। অবস্থার আরো অবনতি হলে বুধবার থেকে তাকে আইসিইউতে নেওয়া হয়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মারা যান তিনি।


















