অনলাইন ডেস্ক : আগামী রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাজধানী ঢাকাসহ সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলার প্রতিবাদ এবং নয় দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়া আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে।
আজ শুক্রবার (২ আগস্ট) ৭টা ৪৪ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে কর্মসূচি ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।
এতে তিনি লেখেন, ‘সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেয়া হলো।’
তিনি আরো বলেন, ‘সারাদেশের আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান করা যাচ্ছে।’


















