নিজস্ব প্রতিবেদক : অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিল এবং ইউজিসির সুপারিশকৃত অভিন্ন নীতিমালায় ১২ দফা সংযোজনের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ঘোষিত ১ থেকে ৪ জুলাই অর্ধদিবস কর্মবিরতি ও ৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির সাথে একাত্মতা প্রকাশ করে বুধবার (৩ জুলাই) সকাল ১০ টা থেকে রুয়েট ক্যাম্পাসে অর্ধ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন রুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। এসময় বিশ্ববিদ্যালয়ের দাফতরিক সব ধরণের কার্যক্রম থেকে বিরত থাকেন তারা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন রুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত আহবায়ক মীর তৌহিদুর রহমান কিটু, সদস্য সচিব মুরাদ হোসেন, নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব প্রমুখ। তারা বলেন, আমাদের দাবি হলো অর্থ মন্ত্রণালয় জারিকৃত পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন বাতিল ও ইউজিসির সুপারিশকৃত অভিন্ন নীতিমালায় ১২ দফা সংযোজন করা। তারা আরো বলেন, আপাতত আমরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছি। আগামী ৭ জুলাইয়ের মধ্যে সংকটের সুরাহা করতে হবে। অন্যথায় অনির্দিষ্টকালের কর্মসূচি অব্যাহত থাকবে।


















