নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে এক সাংবাদিকের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে নগরীর কোর্ট স্টেশন হড়গ্রাম বাজার এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এসময় তার সাংবাদিক স্বামীকে হাতের রগ কাটা অবস্থায় পাওয়া যায়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপতালে ভর্তি করা হয়।
নিহত নারীর নাম রওশন আরা (৫০)। তার স্বামীর নাম গোলাম কিবরিয়া কামাল ওরফে কামাল মালিক (৫৫)। সাংবাদিক কামাল মালিক বর্তমানে স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদের উপসম্পাদক হিসেবে কাজ করছেন। নগরীর হড়গ্রাম বাজার এলাকার একটি বাসায় তিনি ভাড়া থাকেন। কামাল মালিক ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে জানান, রওশন আরাকে তারা মৃত অবস্থায় পেয়েছেন। তার গলায় একটি কাপড় প্যাঁচানো ছিল। তার মৃত্যু কীভাবে হয়েছে, সেটি ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। সাংবাদিক কামাল মালিকের হাতে ও পায়ে জখম আছে। তিনি একধরনের রাসায়নিক দ্রব্য পান করেছিলেন। তার অবস্থাও সংকটাপন্ন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পুলিশ জানায়, তিনতলা বাসার তৃতীয় তলায় ভাড়া থাকেন কামাল মালিক। ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বাড়িতে যায়। তাদের বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে তাদের বের করা হয়েছে। মেঝেতে রওশন আরা পড়ে ছিলেন। আর বিছানায় আহত অবস্থায় ছিলেন কামাল মালিক।
পরে দ্রুত ফায়ার সার্ভিসের মাধ্যমে তাদের হাসপাতালে পাঠানো হয়। দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব বলেন, ঘটনার খবর পেয়ে আমরাও হাসপাতালে যাই। কীভাবে ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সাংবাদিক কামাল মালিকের অবস্থা সংকটাপন্ন। হাত ও পায়ে জখম আছে। সম্ভবত রগ কেটে গেছে। তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান গণমাধ্যমকে বলেন, কীভাবে ঘটনা ঘটেছে, সে বিষয়ে তদন্ত চলছে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।


















