নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১ ডিসেম্বর। সোমবার দুপুরের দিকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা এ তথ্য জানান।
সমাবর্তনে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস. মুর্শিদ। তিনি সমাবর্তনের চেয়ার হিসেবে গ্রাজুয়েটদের ডিগ্রি প্রদান করবেন। সমাবর্তনের মূল বক্তা থাকবেন আন্তর্জাতিকভাবে স্বনামধন্য গবেষক ও প্রকৌশলবিজ্ঞানী, ইউনিভার্সিটি অব ম্যানিটোবা কানাডার ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. একরাম হোসেন।
বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি’র সদস্য প্রফেসর ড. এম. আনোয়ার হোসেন। এছাড়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাফিজুর রহমান খান সমাবর্তনে শুভেচ্ছা বক্তব্য দেবেন ।
সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম বলেন, এবারের সমাবর্তনে সামার ২০২০ থেকে ২০২৫ এর স্প্রিং সেমিস্টার পর্যন্ত স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীবৃন্দ ডিগ্রি পেতে যাচ্ছেন। ব্যবসায় প্রশাসন, আইন ও মানবাধিকার, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, পাবলিক হেলথ, ইংরেজি, সমাজবিজ্ঞান, অর্থনীতি, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মোট ৫ হাজার ৩৭৫ জন গ্রাজুয়েট এই সমাবর্তনে ডিগ্রি গ্রহণ করবেন।
উপাচার্য বলেন, এবারে সমাবর্তনে শিক্ষার্থীরা তাদের বাবা-মা সহ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। সমাবর্তনে মেসেজ থাকবে দেশের তথা সারা বিশ্বের যে অর্থনৈতিক মন্দা ও খাদ্য সংকট তা মোকাবেলায় গ্যাজুয়েটদের ভূমিকা কি হতে পারে। এরই মধ্যে অনুষ্ঠান সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরে বেলুন ও পায়রা উড়িয়ে সমাবর্তনের ক্ষণ গনণা শুরু করেন উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।


















