নিজস্ব প্রতিবেদক : আসন্ন নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির পক্ষ থেকে দলটির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলনকে প্রার্থী ঘোষণার প্রতিবাদে এবং প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা।রোববার (৯ নভেম্বর) রাতে রাজশাহীতে বিএনপির সাবেক ভূমি প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে ও আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত নাসির হোসেন অস্থিরের অনুসারী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।
নগরীর বরেন্দ্র গবেষণা জাদুঘরের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর বাটার মোড়ে গিয়ে শেষ হয়। এতে বক্তব্য দেন মহানগর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন ইসলামসহ বেশ কিছু নেতৃবৃন্দ।
এদিকে শফিকুল হক মিলনকে বহিরাগত উল্লেখ করে তার পরিবর্তে স্হানীয় কাউকে প্রার্থী ঘোষণার দাবিতে সোমবার বিকেলে পবা উপজেলার হরিপুর ইউনিয়নের আন্ধার কোটা মোড়ে বিক্ষোভের ডাক দেওয়া হয়। পবা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এই কর্মসূচি আহবান করা হয়।
রাতে মশাল মিছিল উত্তর কর্মসূচিতে বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে একজন বিতর্কিত নেতাকে মনোনয়ন দেয়াটা তৃণমূলের নেতাকর্মীরা মেনে নিবে না। তাই আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত নাসির হোসেন অস্থিরকে দলীয় মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান তারা।
বক্তারা আরো বলেন, ‘দুঃসময় ও দমন-পীড়নের সময় অস্থির সবসময় নেতাকর্মীদের পাশে ছিলেন। শত মামলায় আইনি সহায়তা, চিকিৎসার খরচ, পারিবারিক সহযোগিতাসহ সব ব্যক্তিগতভাবে করেছেন। আন্দোলন-সংগ্রামে তার সাহসী ভূমিকা আমাদের অনুপ্রাণিত করেছে। অথচ মিলন অতীতে আওয়ামী লীগ ঘনিষ্ঠ পরিচিত ছিলেন।
বিক্ষোভে অংশ নেওয়া কর্মী-সমর্থকরা অভিযোগ করেন, বিএনপির সাবেক ভূমি প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরকে অন্যায়ভাবে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। এ আসনে অস্থিরের বিকল্প অন্য কাউকে দলীয় প্রার্থী মেনে নেওয়া হবে না। মিলনের মনোনয়ন বাতিল করে অস্থিরকে প্রার্থী না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন তারা।


















