নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী শক্তির সব ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় নিয়ে সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিল। এরপর থেকে দিনটি জাতি পালন করে আসছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ গ্রহণ এবং সামরিক বাহিনী ও জনগণের ঐক্যের প্রতীক হিসেবে।
দিবসটি উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী মহানগর বিএনপি। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এর উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু। এসময় বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শুধু বিএনপির নয়, এটি পুরো জাতির গৌরবের দিন।
এই দিন থেকেই বাংলাদেশের গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়। তরুণ প্রজন্মের মধ্যে আমরা শহীদ জিয়ার আদর্শ, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনা ছড়িয়ে দিতে চাই।” পরে বিকেল ৩টায় আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
দলীয় সূত্র জানায়, শনিবার রক্তদান এবং রোববার বৃক্ষরোপণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত রয়েছে।


















