নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পদ্মা নদীতে নৌকাডুবিতে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো দুজন নিখোঁজ রয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার প্রেমতলী এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া ব্যক্তির নাম জিতেন মণ্ডল (৫০)। তার বাড়ি পার্শ্ববর্তী কাঁঠালবাড়িয়া গ্রামে। নিখোঁজ রয়েছেন ফরাদপুর গ্রামের দিলীপ (৩২) ও ডুমুরিয়া গ্রামের হরেন সাহা (৬৫)। নিখোঁজদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে প্রেমতলী পালপাড়া এলাকার কানাই কর্মকার (৭০) নামের এক বৃদ্ধ মারা যান। তার মৃতদেহ সমাহিত করার জন্য পদ্মা নদীর মাঝচরে নেওয়া হয়। এসময় একটি নৌকা মৃতদেহটি চরে রেখে আরো আত্মীয়স্বজনকে নিতে এপারে আসে। ২০-২৫ জন ওই নৌকায় করে নদী পার হচ্ছিলেন। তখনই তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায়।
এসময় বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন তিনজন। পরে স্থানীয়রা জিতেন মণ্ডলকে উদ্ধার করে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিকেল ৩টা পর্যন্ত নিখোঁজ দুজনের সন্ধান পাওয়া যায়নি।
প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান গণমাধ্যমকে জানান, নৌকাডুবিতে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ দুজনকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে।


















