নিজস্ব প্রতিবেদক : পিআর পদ্ধতিতেই আগামী জাতীয় নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। শুক্রবার বিকেলে জামায়াতে ইসলামীর রাজশাহীর গোদাগাড়ী উপজেলা আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মিছিলটি গোদাগাড়ীর মহিশালবাড়ী মোড় হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আগামীতে আর যেনো কোন ফ্যাসিবাদ ও স্বৈরাচার আসতে না পারে সেজন্য পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি, চৌদ্দ দল নিষিদ্ধ, জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, বিগত ফ্যাসিষ্টদের বিচার নিশ্চিত করাসহ ৫ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।
গোদাগাড়ী উপজেলা জামায়াতের আমির মাস্টার নুমায়ন আলীর সভাপতিত্বে ও গোদাগাড়ী পৌর আমির আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য ড. মোঃ ওবায়দুল্লাহ্, ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী জেলা পশ্চিম সভাপতি রেজওয়ানুল ইসলাম, জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য মোঃ শহীদুল্লাহ্ প্রমুখ।


















