নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ফুলবাড়ী সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের সাবেক সহযোগী অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ মির্জা নওফেল উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজশাহী হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। এদিন বাদ এশা রাজশাহী নগরীর টিকাপাড়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে টিকাপাড়া গোরস্থানে তাকে দাফন করা হয়।
ব্যক্তিজীবনে তিনি স্ত্রী, কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম সরকারের শশুর।
মরহুম ছিলেন ধর্মভীরু, সৎ ও পরোপকারী একজন মানুষ। শিক্ষা জীবনের পুরোটা সময় তিনি সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধকে ধারণ করেছিলেন। দীর্ঘদিন ফুলবাড়ী সরকারি কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি জয়পুরহাট সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন এবং সেখান থেকে ২০০১ সালে অবসর গ্রহণ করেন। ১৯৮৭-৯০ সাল পর্যন্ত (কলেজ সরকারি হওয়ার আগ পর্যন্ত) তিনি ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী ও যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান (জামান), সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মনছুর আলী সরকার, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. খুরশিদ আলম, দিনাজপুর শিক্ষাবোর্ডের সাবেক সচিব অধ্যাপক মো. আমিনুল হক সরকার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, ফুলবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন, সাবেক মেয়র মানিক সরকার, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন মণ্ডলসহ শুভানুধ্যায়ীরা।
তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


















