বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে সাবেক পৌর মেয়রসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিবেদক
editor
আগস্ট ২৮, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ও রুস্তমপুর হাট-বাজারের ইজারার টাকা, ভ্যাট ও ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগে সাবেক পৌর মেয়রসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করা হয়। এতে বাঘা উপজেলার আড়ানী পৌরসভার সাবেক মেয়র ও সাবেক আওয়ামী লীগ নেতা মুক্তার আলী, সাবেক ভারপ্রাপ্ত মেয়র কার্ত্তিক চন্দ্র হালদারসহ আটজনকে আসামি করা হয়েছে। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন- রুস্তমপুর হাটের সাবেক ইজারাদার মামুন হোসেন, আবুল খায়ের সুমন ও একরামুল হক; আড়ানী হাটের সাবেক ইজারাদার ওবাইদুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আসাদুজ্জামান, পৌরসভার সাবেক সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব শহিদুল ইসলাম।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, মুক্তার আলী আড়ানী পৌরসভার মেয়র ও কার্ত্তিক চন্দ্র হালদার ভারপ্রাপ্ত মেয়র পদে দায়িত্বে থাকাকালে ২০১৬-১৭ থেকে ২০২১-২২ অর্থবছরে হাট-বাজার ইজারা দেন। নীতিমালা অনুযায়ী- ইজারাদারকে ইজারামূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ আয়কর দিতে হয়।

তিনি বলেন, সাত দিনের মধ্যে এই টাকা জমা দিয়ে ইজারার চুক্তিপত্র স্বাক্ষর করতে হয়। কিন্তু ইজারাদারেরা দরপত্রের সঙ্গে শুধু প্রস্তাবিত ইজারামূল্যের ৩০ শতাংশ বিডি আকারে জমা দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে তারা আর কোনো টাকা জমা দেননি। তা সত্ত্বেও পৌর কর্তৃপক্ষ নীতিমালার শর্ত ভঙ্গ করে ইজারার সম্পূর্ণ অর্থ আদায় না করে এবং ইজারার চুক্তিপত্র স্বাক্ষর না করে নিয়ম-বহির্ভূতভাবে ইজারাদারদের আড়ানী ও রুস্তমপুর হাট-বাজার ইজারা দেন।

তারা ইজারামূল্যের ১ কোটি ২২ লাখ ৮০ হাজার ৮৬৫ টাকা, ভ্যাট বাবদ ১৫ লাখ ৭ হাজার ২২৬ টাকা এবং আয়কর বাবদ ১ লাখ ৫০ হাজার ১৭ টাকা জমা দেননি। পৌর কর্তৃপক্ষের মোট পাওনা ছিল ১ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ১০৮ টাকা। এই টাকা তারা সবাই মিলে আত্মসাৎ করেছেন।

দুদক জানায়, পৌর কর্তৃপক্ষ নিয়ম-বহির্ভূতভাবে ইজারাদারদের কাছ থেকে বিবিধ রসিদ মূলে ইজারার টাকা গ্রহণ করে পৌরসভার হিসাবে জমা দেননি। আসামিরা পরস্পর যোগসাজশে এই টাকা লুটপাট করেছেন। দীর্ঘ অনুসন্ধানকালে এই দুর্নীতির সত্যতা পাওয়া গেছে। তাই মামলা করা হয়েছে। মামলার বিষয়টি আদালতকে অবহিত করা হয়েছে বলেও দুদক জানিয়েছে।

সূত্র জানায়, সাবেক মেয়র মুক্তার আলী আওয়ামী লীগ থেকে বহিষ্কার হন। তিনি গত ফেব্রুয়ারিতে গ্রেফতার হয়ে এখনো কারাগারে। পৌরসভার গাড়ি না থাকলেও মেয়রের দায়িত্বে থাকাকালে মুক্তার আলী নিয়ম-বহির্ভূতভাবে পৌর তহবিল থেকে জ্বালানি তেল খরচ বাবদ ১৪ লাখ ৫২ হাজার টাকা গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া পাঁচজন ভুয়া কর্মচারী নিয়োগ দেখিয়ে বেতন-ভাতা বাবদ তুলে নিয়েছেন ৪ লাখ ৪৮ হাজার টাকা। এ দুই অভিযোগে গত মঙ্গলবার দুদক তার বিরুদ্ধে আরো দুটি মামলা করেছে।

সর্বশেষ - অন্যান্য