নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে গ্রেফতার হয়েছেন কায’ক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর রেজাউন-নবী আল মামুন (৫৫)। তিনি রাজশাহী সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। আট মামলার পলাতক আসামি আওয়ামী লীগের সাবেক নেতা মামুন ডিশ ব্যবসায়ী। তার বাড়ি নগরীর দড়িখড়বোনা এলাকায়।
শুক্রবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে নগরীর তালাইমারি মোড়ে মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে প্রাইভেট কার চালিয়ে যাচ্ছিলেন মামুন। এসময় তালাইমারি মোড়ে হঠাৎ রাস্তার পাশে থাকা আইল্যান্ডে গাড়ি তুলে দেন তিনি। আশপাশের সাধারণ মানুষের দিকেও তিনি গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করেন।
এতে উপস্থিত লোকজন ক্ষুব্ধ হয়ে গাড়িটি ঘিরে ফেলেন এবং ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে র্যাব-৫-এর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মামুনকে হেফাজতে নেয়। পরে তল্লাশির সময় তার ব্যাগ থেকে ছয়টি ইয়াবা, এক পুরিয়া গাঁজা, নগদ ৩০ হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি মাদক সেবনের কথা স্বীকার করেন।
র্যাব জানায়, সাবেক কাউন্সিলর মামুনের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে এবং এসব মামলায় তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে নতুন করে রাতেই নগরীর মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।


















