নিজস্ব প্রতিবেদক : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে ১৮টি নির্দেশনা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
রোববার রাতে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, ঈদুল আজহার উৎসব যেন নগরবাসীর জন্য আনন্দময় ও নিরাপদ হয়, সে লক্ষ্যে আরএমপি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে সচেতনতা জরুরি বলে উল্লেখ করে নগরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।
আরএমপির নির্দেশনার গুরুত্বপূর্ণ দিকগুলো হলো: বাসাবাড়ি, অ্যাপার্টমেন্ট, ব্যাংক, বিমা, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিপণিবিতানের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরীদের ডিউটি জোরদার করতে হবে। ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা রাখতে হবে।
সব কর্মকর্তা-কর্মচারী যেন একসঙ্গে ছুটিতে না যান, সে বিষয়ে সচেতন থাকতে হবে; পর্যায়ক্রমে দায়িত্ব পালনের ব্যবস্থা করতে হবে। বাসা বা প্রতিষ্ঠান ত্যাগের আগে দরজা-জানালায় একাধিক তালা ব্যবহার এবং অটোলক ও অ্যালার্মযুক্ত তালা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
পর্যাপ্তসংখ্যক সিসি ক্যামেরা বসিয়ে তা সচল আছে কি না তা নিশ্চিত করতে হবে। রাতে বাসা ও প্রতিষ্ঠানের চারপাশ আলোকিত রাখতে হবে।
নগদ অর্থ, মূল্যবান সামগ্রী ও গুরুত্বপূর্ণ দলিল নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে। প্রয়োজনে তা নিকট আত্মীয়ের জিম্মায় বা ব্যাংকের লকারে রাখতে বলা হয়েছে। বাসা ছাড়ার আগে প্রতিবেশী বা পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের জানিয়ে যেতে হবে এবং যোগাযোগ রাখতে হবে।
নিরাপত্তার স্বার্থে অনুমতি ছাড়া কাউকে বাসা বা প্রতিষ্ঠানে প্রবেশ করতে না দেওয়ার জন্য প্রহরীদের সতর্ক থাকতে হবে। কোথাও চাঁদাবাজি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
জরুরি প্রয়োজনে যোগাযোগ:
আরএমপি হটলাইন: ০১৩২০০৬৩৯৯৯
কন্ট্রোল রুম: ০১৩২০০৬৩৯৯৮
জাতীয় জরুরি সেবা: ৯৯৯


















