নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ ও ঢাকার মধ্যে চলাচলকারী বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি রাজশাহীতে লাইনচ্যুত হয়েছে। এতে করে রাজশাহীতে আড়াই ঘণ্টারও বেশি সময় আটকে থাকার পর গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। সোমবার চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি সকাল ৭টার দিকে রাজশাহীতে রেলস্টেশনে ঢোকার সময় একটি বগি লাইনচ্যুত হয়। এরপর উদ্ধারকাজ শেষ হলে সকাল পৌনে ১০টার দিকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
সূত্র জানায়, বনলতা এক্সপ্রেসের চাকা ভেঙে গেলে একটি বগি লাইনচ্যুত হয়। কিন্তু বগিটি উল্টে যায়নি। এতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। তবে ট্রেনটি আটকে যাওয়ায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা। আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে প্ল্যাটফর্মে অপেক্ষায় ছিল যাত্রীরা। এসময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে অন্য রুট স্বাভাবিক ছিল।
রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক শহীদুল আলম গণমাধ্যমকে জানান, লাইনচ্যুত হওয়া বগিটি তোলার পর সকাল পৌনে ১০টার দিকে ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যায়। বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের অনেককে টিকিটের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়। কোনো কোনো যাত্রী টাকা ফেরত নিয়ে অন্য গাড়িতে চলে যান। আবার কেউ কেউ অপেক্ষায় ছিল। পরে তারা বনলতা এক্সপ্রেসেই গন্তব্যে গেছে।


















