নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘা উপজেলার মশিদপুর গ্রামের রফিকুল ইসলাম হত্যা মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম লতিফুল ইসলাম ওরফে গিয়াস (৩৩)। মঙ্গলবার রাতে র্যাব-৫ রাজশাহী ও র্যাব-৪ সাভারের একটি যৌথ দল অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত লতিফুল বাঘা উপজেলার মশিদপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে। বুধবার সকালে র্যাব-৫ রাজশাহী এ তথ্য জানিয়েছে।
এর আগে গত ১০ এপ্রিল বিকেলে উপজেলার চক রাজাপুর ইউনিয়নের সিকরামপুর মাঠে রফিকুল ইসলামকে কুপিয়ে আহত করেছিলেন লতিফুল। পরে রফিকুলের মৃত্যু হয়।
র্যাব জানায়, ঘটনার দিন বিকেলে লতিফুলের ভুট্টাক্ষেতে ঘাস কাটছিলেন রফিকুল। তা দেখে লতিফুল তাকে গালিগালাজ দেন। কিন্তু রফিকুল প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে লতিফুল তার হাতে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে গিয়াসকে কুপিয়ে আহত করে চলে যান। পরে মাঠের পাহারাদার ভুট্টাক্ষেতে রক্তাক্ত ও অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।
র্যাব আরো জানায়, ঘটনার পর থেকেই আসামি লতিফুল দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পুলিশের পাশাপাশি ঘটনাটি ছায়াতদন্ত করছিল র্যাব। বাড়ানো হয়েছিল গোয়েন্দা নজরদারি। এরপর র্যাব-৫-এর রাজশাহী ও র্যাব-৪ এর সাভার ক্যাম্পের একটি দল যৌথ অভিযান চালিয়ে লতিফুলকে গ্রেফতার করে। পরে তাকে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।


















