নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে শনিবার বিকেলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রাজশাহীর পবা উপজেলার হরিপুর কালুর ডাইং এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের সেন্টু আলীর ছেলে সাদ্দাম আলী ও একই উপজেলার চাঁদশিকারি খাসেরহাট গ্রামের মানিক আলীর ছেলে শামীম ওসমান (২৮)।
রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে আরো জানান, মোটরসাইকেলের চালক রং সাইডে গেলে বিপরীত দিক থেকে আসা পাথরভর্তি ট্রাকের নিচে পড়ে যায়। এসময় দুমড়েমুচড়ে গিয়ে মোটরসাইকেলে আগুন ধরে যায়। আর মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান দুই আরোহী।
ওসি জানান, ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়েছেন। নিহত দু’জনের লাশ উদ্ধার করে তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।


















