নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহী নগরীর হোসেনীগঞ্জ এলাকার জাফর হক (৪৫), গোদাগাড়ী উপজেলার ঠাকুরযৌবন গ্রামের সুন্দরী (৬০) ও একই গ্রামের আদরী (৩৫)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক নারীসহ তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন গণমাধ্যমকে জানান, ভোরে অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে গোদাগাড়ী থেকে রাজশাহী শহরে যাচ্ছিল। পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পরে তাদের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। নিহতদের স্বজনদের জানানো হয়েছে। তারা আসার পর লাশ হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


















