রাজশাহী ব্যুরো : আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন রাজশাহী বিভাগের ২৩ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান। মঙ্গলবার (২৮ মে) দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর তাদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে এসব উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানেরাও শপথ নিয়েছেন।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর প্রথমে নবনির্বাচিত ২৩ উপজেলা চেয়ারম্যানকে একসঙ্গে শপথবাক্য পাঠ করান। এরপর মহিলা ভাইস চেয়ারম্যান এবং তাদের পরে ভাইস চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করানো হয়। শপথের পর বিভাগীয় কমিশনার সবাইকেই ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় নতুন জনপ্রতিনিধিদের দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান বিভাগীয় কমিশনার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান।
এছাড়া বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রথম ধাপে রাজশাহী বিভাগের আট জেলার এই ২৩ উপজেলায় ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হয়।


















