নিজস্ব প্রতিবেদক : বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টের কনফারেন্স হলে এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদফতরের পরিচালক প্রশাসন (চলতি দায়িত্ব) এস.এম রেজাউল করিম। তিনি বলেন, “মৎস্য সেক্টরকে যদি আমরা পরিকল্পিতভাবে সমৃদ্ধ করতে পারি, তবে শুধু এই একটি খাত দিয়েই দেশের সকল বেকারের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।”
তিনি আরো বলেন, “মৎস্য খাত একটি সম্ভাবনাময় খাত। এই খাতকে শক্তিশালী করতে পারলে দেশ অর্থনৈতিকভাবে আরো এগিয়ে যাবে।”
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদফতরের রাজশাহী বিভাগের পরিচালক সাইফুদ্দিন ইয়াহিয়া। সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এতে মৎস্য খাত সংশ্লিষ্ট ৬০ জন ব্যক্তি অংশ নেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা মৎস্য খাতের উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


















