নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (শিক্ষানবিশ) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ফের স্থগিত করা হয়েছে। একইসঙ্গে স্থগিত করা হয়েছে প্রশিক্ষণরত ৪০তম ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজও।
পুলিশ সদরদফতর থেকে জারি করা পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ২৪ নভেম্বর এএসপি এবং ২৬ নভেম্বর এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা ছিল।
পুলিশ সদরদফতরের অ্যাডিশনাল ডিআইজি মহিউল ইসলামের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ একাডেমিতে (সারদা) বর্তমানে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৩ জন এবং ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৬৩ জনসহ মোট ৬৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ নিয়েছেন। তবে আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠেয় সমাপনী কুচকাওয়াজ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।
সারদায় থাকা বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিত প্রসঙ্গে পুলিশ সদর দফতরের অ্যাডিশনাল ডিআইজি, মোছা. শেহেলা পারভীনের সই করা পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে প্রশিক্ষণরত ৪০তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ২৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল।
তবে অনিবার্য কারণবশত সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানটি স্থগিত করা হলো। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।
উল্লেখ্য, এর আগে গত ২০ অক্টোবর একইভাবে ৪০তম বিসিএস এএসপি প্রশিক্ষণার্থীদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করেছিল পুলিশ একাডেমি প্রশাসন। এরপর ২১ অক্টোবর ৪০তম এসআই ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণরত ২৫২
জনকে এবং ৪ নভেম্বর একই ব্যাচের আরো ৫৮ জনকে বরখাস্ত করা হয়। তাদের বিরুদ্ধেও ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল। সর্বশেষ ১৮ নভেম্বর আরো তিনজন এসআইকে অব্যাহতি দেওয়া হয়। সব মিলিয়ে একাডেমিতে থাকা এ ব্যাচের ৩১৩ জন প্রশিক্ষণার্থী এসআইকে বরখাস্ত করা হলো।


















