অনলাইন ডেস্ক : অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটল। প্রকাশ্যে এল ‘পুষ্পা’র সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’ এর ট্রেলার। এর আগে টিজারেই সাড়া ফেলেছিল সিনেমাটি। রবিবার সন্ধ্যায় সিনেমার ট্রেলার প্রকাশের পর প্রত্যাশার পারদ আরও যেন বেড়ে গেল! সিক্যুয়েলে পুষ্পা বিবাহিত। প্রেমিকার সঙ্গে সংসার পেতেছে। তার মাঝেই ভয়ানক সব কাণ্ড তার। রাশমিকা মান্দানা-আল্লু অর্জুনের রোমান্টিক মুহূর্তের ঝলকও দেখা গেল। আল্লু অর্জুন আগেরবারের মতোই দাপুটে। বরং এবার আরও ভয়ানক, তা বলাই বাহুল্য।
ট্রেলারে চমকে দিলেন ফাহাদ ফসিলও। পুলিশ অফিসারের চরিত্রে নজর কাড়লেন তিনি। প্রথম ছবিতে দুই তারকার সম্মুখ যুদ্ধের আভাস মিলেছিল। এবার তাদের দৌড় দেখা যাবে পর্দায়। আগামী ৫ ডিসেম্বর সাত ভাষায় মুক্তি পাচ্ছে ‘পুষ্পা: দ্য রুল’। ২০২১ সালের ১৭ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। সারা দেশের বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুন, ফাওয়াদ ফাসিল, রশ্মিকা মন্দানার ছবি। ছবির দ্বিতীয়ভাগ অর্থাৎ ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং ২০২২ সালেই শুরু হয়। এবার মুক্তির পালা।
আল্লু আর্জুন অভিনীত দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’ ভারতসহ সারা বিশ্বে ব্যাপক আলোড়ন তোলে। বাংলাদেশেও ছবিটি নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। এবার ছবিটির দ্বিতীয় কিস্তি আসছে, যার মুক্তির সময়ও ঘনিয়ে আসছে। মুক্তির আগেই ‘পুষ্পা-টু’ নিয়েও দর্শকমনে এখন টানটান উত্তেজনা। ভারত থেকে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে।
কিন্তু শোনা যাচ্ছে বিপত্তির কথা। বাংলাদেশে ছবিটির মুক্তি নাকি আপাতত আটকে রয়েছে! সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ‘এক দেশ থেকে আরেক দেশে মুক্তির বিষয়, তাই প্রক্রিয়াকরণের কিছু সমস্যার কারণে আটকে রয়েছে চলচ্চিত্রটির মুক্তি। সেটা মিটে গেলে বাংলাদেশেও মুক্তি পাবে’পুষ্পা-টু’।


















