নির্যাতিতার পরিবারকে টাকার কথা বলিনি: মুখ্যমন্ত্রী
নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বললেন, “অনেকে বলছেন আমি টাকার কথা বলেছি। আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখাক, কোথায় আমি টাকার কথা বলেছি। মিথ্যা কথা বলা হচ্ছে। এগুলি অপপ্রচার, চক্রান্ত।”
‘আন্দোলনকারী ডাক্তারদের চারটি দাবিই মেনেছে স্বাস্থ্যভবন ’
মুখ্যমন্ত্রী জানালেন, স্বাস্থ্যভবনে গিয়ে আন্দোলনরত ডাক্তারেরা যে দাবিগুলি পেশ করেছিলেন, সেগুলির মধ্যে সব ক’টি দাবি মেনে নেওয়া হয়েছিল। তিনি বলেন, “আমাদের কাছে অভিযোগ সরাসরি আসেনি। তার পরেও আমরা দু’জনকে নিলম্বিত করেছি।” মুখ্যমন্ত্রী জানালেন, ময়নাতদন্তের সময় ভিডিয়োগ্রাফি করা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও ডাকা হয়েছিল।
ডাক্তারদের কাজে ফেরার বার্তা মমতার
মমতা বলেন, “যত আন্দোলন হয়েছে অনুমতি ছাড়া। অনুমতি পর্যন্ত নেওয়া হয়নি। সুপ্রিম কোর্টও ডাক্তারদের অনুরোধ করেছে কাজে যোগ দেওয়ার জন্য। আমিও ডাক্তারদের কাছে অনুরোধ করব কাজে ফেরার জন্য।” মুখ্যমন্ত্রী বলেন, “দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি আপনাদের কিছু বলার থাকে, সবসময় স্বাগত। আপনারা ৫-১০ জনের একটি প্রতিনিধিদল নিয়ে আসুন, আমরা কথা বলতে পারি।”
ওড়িশার বার্ড ফ্লু পরিস্থিতিতে সতর্ক মমতাও
ওড়িশায় বার্ড ফ্লু পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। তিনি জানালেন, ইতিমধ্যেই একাধিক জায়গায় সীমানা সিল করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ার সীমানায় নজরদারির উপর জোর দিতে বলেছেন তিনি। পরিস্থিতি সামলাতে দ্রুত রেলের সঙ্গে একটি বৈঠকেও বসার জন্য মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন তিনি।
দ্রুত রাস্তা মেরামতির বার্তা
নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সব দফতরের মন্ত্রী ও সচিবদের নিয়ে বৈঠকে বসেছেন তিনি। গ্রামাঞ্চলে সড়ক থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সরকারি পরিকাঠামো ও পরিষেবা আরও ভাল করে পৌঁছে দেওয়ার বার্তা দিলেন মমতা। পূর্ত দফতরকে দ্রুত রাস্তা মেরামতের বার্তা দিয়েছেন তিনি। পুলিশ কর্তাদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর নির্দেশ, গ্রামীণ রাস্তা দিয়ে কোনও বড় ট্রাক দিয়ে যাতে না যায়, সে দিকে নজর রাখতে হবে।
সূত্র: আনন্দ বাজার


















