রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন। আর নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আমিরুল ইসলাম কনক। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সা’দ আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অধ্যাপক আখতার হোসেন কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে ১৯৮৮ সালে এসএসসি ও ১৯৯০ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে স্নাতক ও ১৯৯৪ সালে স্নাতকোত্তর পাশ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গ্রামীণ উন্নয়ন, মানবিক আচরণ, কাউন্সেলিং, সামাজিক কাজের পেশাদারীকরণ হলো গবেষণায় তার প্রধান আগ্রহের বিষয়। তিনি ২০০৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে ২০০৬ সালে সহকারী অধ্যাপক, ২০১৫ সালে সহযোগী অধ্যাপক ও ২০২২ সালে অধ্যাপক পদে উন্নীত হন।
এছাড়া নতুন ছাত্র উপদেষ্টা হওয়া ড. আমিরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ২০১৩ সালে ওই বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরের বছর সহকারী অধ্যাপক এবং ২০২০ সালে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সদস্য।


















