নিজস্ব প্রতিবেদক : আগামী ১৫ মে থেকে রাজশাহীর বিভিন্ন বাগানের গাছ থেকে নিরাপদ আম পাড়া, সংরক্ষণ এবং বাজারজাতকরণ শুরু হবে। তবে ম্যাংগো ক্যালেন্ডার মেনে প্রথমেই নামবে গুটি জাতের আম। জাতআম গোপালভোগ, রানিপছন্দ ও লক্ষণভোগসহ মিষ্টি জাতের আম বাজারে আসতে শুরু করবে আগামী ২৫ মে থেকে। এরপর ১০ জুলাই আশ্বিনা ও ২০ আগস্ট গৌরমতি আম নামবে রাজশাহীর বাজারে। রোববার (১২ মে) রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অংশীজনদের নিয়ে আম পরিবহন, বাজারজাতকরণ ও সংগ্রহবিষয়ক মতবিনিময় সভায় জাতভেদে আম নামানোর দিন নির্ধারণ করা হয়। সেখানেই এই ‘ম্যাংগো ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়।
তবে এরআগে কেউ আম বাজারজাত করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আহমেদ আরো বলেন, রাজশাহী আমের রাজ্য হিসেবে পরিচিত। এর সুখ্যাতি রয়েছে বিশ্বজুড়েই। তবে মৌসুমের নির্দিষ্ট সময়ের আগে বাজারে যেন কোনোভাবেই কেউ অপরিপক্ব এবং কেমিক্যাল মিশ্রিত কোনো আম নামিয়ে বিক্রি করতে না পারে। আর সেজন্যই কৃষি বিভাগের সমন্বয়ে এ ফল পাড়া, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে এই সভার আয়োজন।
এতে ঘোষিত তারিখ অনুযায়ী- গাছে সব ধরনের গুটি জাতীয় আম ১৫ মে থেকে নামানো যাবে। এর আগে আম বাজারজাত করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাজশাহী জেলা প্রশাসক।
সভায় জেলা প্রশাসক আরো জানান, স্থানীয় গুটি জাতের আঁটি আম আগামী ১৫ মে থেকে পাড়া যাবে। এছাড়া ২৫ মে থেকে সুস্বাদু রসালো আম গোপালভোগ, রানিপছন্দ ও লক্ষণভোগ, হিমসাগর ৩০ মে, ল্যাংড়া ১০ জুন, আম্রপালি ১৫ জুন, ফজলি ১৫ জুন, আশ্বিনা ১০ জুলাই, বারি-৪ জাতের আম ৫ জুলাই, গৌড়মতি জাতের আম ১৫ জুলাই, ইলামতি ২০ আগস্ট থেকে পাড়া ও বাজারজাতকরণ করতে পারবেন। এছাড়া রাজশাহী জেলার সব আমচাষি, বাগান মালিক, আড়ত মালিক এবং ব্যবসায়ীর ক্ষেত্রেই একই ম্যাংগো ক্যালেন্ডার কার্যকর থাকবে। তবে কাটিমন ও বারি আম-১১ সারা বছরই সংগ্রহ করা যাবে বলে জানান তিনি।
রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সাবিনা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের রাজশাহীর প্রশিক্ষণ কর্মকর্তা মোছা. উম্মে ছালমা, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম নূর হোসেন নির্ঝর, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, রাজশাহী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা। এছাড়া সভায় অন্যদের মধ্যে দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাতসহ আমচাষি, বাগান মালিক, কুরিয়ার সার্ভিস প্রতিনিধি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


















