অনলাইন ডেস্ক : দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান) এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন কর্মসূচি ঘিরে আজ মঙ্গলবার (১৬ জুলাই) ও গতকাল (১৫ জুলাই) দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। আজ রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ পরই মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্ত এলো।
তবে প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।


















