নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে হেলমেট ও মাস্ক পরে প্রকাশ্যে দলীয় কার্যালয়ে গিয়ে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের গুটি কয়েক নেতাকর্মী। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে নগরীর সিটি হাট এলাকায় দলটির রাজশাহী জেলা কার্যালয়ে তারা যান। এসময় জয় বাংলা স্লোগান দিয়ে আ’লীগের দলীয় ও দেশের জাতীয় পতাকা প্রদর্শন করেন তারা।
পরে রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে বিষয়টি জানাজানি হয়।
ফেসবুক পোস্টে রাশিক দত্ত লেখেন, রাজশাহী আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং জয় বাংলা- জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত পার্টি অফিস। মো. আহসান উল হক মাসুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক, রাজশাহী জেলা আওয়ামী লীগ, জান্নাতুল ফেরদৌস পিয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর ছাত্রলীগ, সাদমান সাকিব, কর্মী, রাজশাহী কলেজ ছাত্রলীগ, সাব্বির রহমান, কর্মী, রাজশাহী কলেজ ছাত্রলীগ।
স্থানীয়রা জানিয়েছেন, গুটি কয়েক যুবক মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে আ’লীগের দলীয় কার্যালয়ে যান। পরে জয় বাংলা স্লোগান দিয়ে তারা পতাকা টাঙিয়ে দেন। এসময় তাদের হাতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ছিল। তবে কিছুক্ষণ অবস্থান করার পর তারা চলে যান।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান গণমাধ্যমকে বলেন, ‘বিষয় আমার জানা নেই। তবে আ’লীগ নিষিদ্ধ না হলেও তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দলীয় কার্যালয়ে গিয়ে এসব করার সুযোগ নেই বলে জানান তিনি।


















