নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের ক্ষমতাসীন দল আ’লীগের এমপি শাহরিয়ার আলমকে ‘ষড়যন্ত্রকারী’ হিসেবে আখ্যা দিয়েছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে সোমবার (১ জুলাই) দুপুরে নগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এমপি শাহরিয়ার আলমকে ষড়যন্ত্রকারী হিসেবে দাবি করা হয়।
বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যাকাণ্ডের পেছনে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী-৩ আসনের এমপি আসাদুজ্জামান আসাদকে মদদদাতা উল্লেখ করে সম্প্রতি বক্তব্য দিয়েছেন এমপি শাহরিয়ার আলম। তার এই বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করে রাজশাহী মহানগর আওয়ামী লীগ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার বলেন, মহান মুক্তিযুদ্ধে জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের অবদানকে খাটো করতে এবং তাঁর ছেলে এএইচএম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে কতিপয় জনবিচ্ছিন্ন ও সুযোগসন্ধানী হিসেবে আখ্যায়িত ব্যক্তিবর্গ চক্রান্তে-ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তারা সব সময় খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে কুৎসা রটনায় লিপ্ত আছেন।
আসলাম সরকার আরো বলেন, খায়রুজ্জামান লিটন সম্পর্কে শাহরিয়ার আলমের বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে পড়ার ফলে সর্বস্তরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। নেতাকর্মীরা তাৎক্ষণিক সোশ্যাল মিডিয়ায় সরব হন। রাজপথে নেমে আসেন এবং মিছিল-মিটিং সমাবেশের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করতে থাকেন যা এখনো অব্যাহত আছে। শাহরিয়ার আলমের এমন দম্ভোক্তির প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধা, আইনজীবীসহ বিভিন্ন সামাজিক সংগঠন তার বিচারের দাবিতে সোচ্চার হন। মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে আমরা অভিবাদন জানাই।
তিনি আরো বলেন, বাবুলের সঙ্গে খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত গভীর। বাবুল আহত হওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর নেন লিটন। নিহতের সন্তানদের অভিভাবকের দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ান। কিন্তু লিটনকে আসামি করে নতুন হত্যা মামলা করা হবে বলে ঘোষণা দেন শাহরিয়ার আলম। ষড়যন্ত্রকারী শাহরিয়ার আলমের এই ঘোষণায় আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মী ও জনগণের মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। জনগণের প্রশ্ন, তাহলে কি ষড়যন্ত্রকারী শাহরিয়ারদের হাতেই ধ্বংস হবে আওয়ামী লীগ?
আসলাম সরকার আরো বলেন, শাহরিয়ার আলম দলের শৃঙ্খলাবিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। উচ্চাভিলাষী শাহরিয়ার আলম আওয়ামী লীগের নীতি ও আদর্শের পরিপন্থী। এমন পরিস্থিতিতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ও জনসাধারণকে শান্ত থাকার জন্য, ধৈর্য ধারণ করার জন্য ও কোনো উসকানি বা প্ররোচনায় কান না দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।
আমরা বিশ্বাস করি, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহরিয়ার আলমদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি তবিবুর রহমান শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন। এতে আওয়ামী লীগের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















