নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ২২ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার রাজশাহী আসছেন। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বেলা ২টার দিকে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।
জানা গেছে, রাজশাহীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ তিনটি জেলার ১৩টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে গত শনিবার রাতে ভার্চুয়াল সভায় তারেক রহমান তার সফরের ঘোষণা দেন।
এদিকে দীর্ঘ ২২ বছর পর দলীয় প্রধানের আগমনের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজশাহীতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তিন জেলার ১৩টি সংসদীয় আসনের নেতাকর্মীরা এই সমাবেশে অংশ নেবেন।
বিএনপির রাজশাহী মহানগর সভাপতি মামুন অর রশিদ মামুন জানান, বৃহস্পতিবার বেলা প্রায় সাড়ে ১২টার দিকে বিমানযোগে তারেক রহমান রাজশাহীতে পৌঁছবেন এবং মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেবেন। একই দিন সন্ধ্যায় নওগাঁ বাইপাসে এবং রাতে বগুড়ায় আরো নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। বগুড়ায় রাতযাপন করার সম্ভাবনাও রয়েছে তার।
রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, তারেক রহমানের আগমনে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আমরা কয়েক লাখ মানুষের সমাগম নিশ্চিত করতে পূর্ণ প্রস্তুতি নিয়েছি।
রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মিজানুর রহমান মিনু জানান, রাজশাহীসহ আশপাশের তিন জেলার ১৩টি সংসদীয় আসনের প্রার্থী ও মানুষ এই জনসভায় অংশ নেবেন। রাজশাহী বিএনপির প্রাণকেন্দ্র। এখানকার সাধারণ মানুষ ‘ধানের শীষ’ ছাড়া কিছু ভাবে না। আমরা বিজয়ের লক্ষে দৃঢ় প্রত্যয়ে প্রস্তুতি নিচ্ছি।
দলীয় সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে নগরীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বাসভবনে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাজগঞ্জের ১৩টি আসনের দলীয় প্রার্থী, মহানগর ও জেলা বিএনপি নেতাদের সঙ্গে ভার্চুয়াল সভায় অংশ নেন তারেক রহমান। এতে তিনি রাজশাহীতে তিন জেলার নির্বাচনী জনসভা সফল করার জন্য সমন্বয়ের নির্দেশনা দেন। ভার্চুয়াল সভায় রাজশাহী বিভাগের ১৩ আসনের প্রার্থীদেরও এ জনসভা সম্পর্কে অবহিত করার কথা বলেন তিনি।
সরেজমিনে জনসভাস্থল মাদ্রাসা মাঠে গিয়ে দেখা গেছে, সেখানে মঞ্চ তৈরির কাজ সম্পন্ন হয়েছে। রাজশাহী মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা জনসভা সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে স্থানীয় প্রশাসনকেও অনুরোধ করা হয়েছে বলে জানা গেছে।
দলীয় সূত্র জানিয়েছে, তারেক রহমান বিমানে করে বৃহস্পতিবার বেলা ১২টা ২৫ মিনিটে রাজশাহীতে নামবেন। পরে রাজশাহীতে শাহ মখদুম (রহ:) এর মাজার জিয়ারত করে সরাসরি মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেবেন। জনসভা শেষ হলে তিনি সড়কপথে নওগাঁর উদ্দেশে রওনা হবেন এবং সন্ধ্যায় নওগাঁ বাইপাসে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। পরবর্তীতে সড়কপথে বগুড়ায় যাবেন এবং রাতে সেখানে আরেকটি সমাবেশে ভাষণ দেবেন। বগুড়ায় তিনি রাতযাপনও করতে পারেন।
এদিকে, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর রাজশাহীতে তারেক রহমানের আগমন বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উৎসাহ ও উদ্দীপনা তৈরি করেছে। দলীয় নেতারা মনে করেন, এই সমাবেশ রাজশাহী ও আশপাশের তিন জেলায় বিএনপির নির্বাচনী শক্তিকে ব্যাপকভাবে উজ্জীবিত করবে এবং ভোটারদের মধ্যে মনোবল বাড়াবে। এতে করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে ব্যাপক সুবিধা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, রাজশাহী বিভাগের ১৩টি আসনে এই বৃহৎ জনসভা বিএনপির জন্য ঐতিহাসিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। সর্বশেষ ২০০৩ সালে দলীয় কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠানে তারেক রহমান রাজশাহীতে এসেছিলেন।
এরপর দীর্ঘ সময় পেরিয়ে এই প্রথম ভোটের প্রচারে সরাসরি রাজশাহী মহানগরীতে আসার ফলে দল ও ভোটারদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাজগঞ্জের প্রার্থীদের জন্য একযোগে এই জনসভা বিএনপির ঐক্য ও শক্তির প্রতীক হিসেবে দেখা হচ্ছে। সমাবেশ সফল করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে।


















