রাবি প্রতিবেদক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নেতৃবৃন্দ।
বুধবার (১৭ নভেম্বর) বিকেল পৌনে ৪টায় ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।
এসময় রাকসু ভবনের সামনে, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ, জোহা চত্বরসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করতে দেখা যায় রাকসুর নেতৃবৃন্দকে।
মিষ্টি বিতরণকালে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘এই রায়কে দ্রুত বাস্তবায়ন করতে হবে। এই রায়কে বাস্তবায়ন করার জন্য যেভাবেই হোক ইন্টারপোলের মাধ্যমে খুনি হাসিনাকে দেশে এনে সকলের চোখের সামনে তার ফাঁসি কার্যকর করতে হবে। সকল শহীদ পরিবার, নির্যাতিত মানুষেরা এই শাস্তি ইন্টেরিম সরকারের মাধ্যমেই হোক এটা চায়।’
রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, ‘হাসিনার আমলে আমরা অসংখ্য ট্রাজেডি দেখেছি, শাপলা কায়েম হতে দেখেছি, শাহবাগ কায়েম হতে দেখেছি, বিডিয়ার হত্যাকান্ড আমরা দেখেছি। তাই আমার কাছে আজকের এই দিনটা বিশেষ একটি দিন। ২০১৯-এ আমার বাবাকে শুধুমাত্র তার দোকানের উপর জামায়াতের পোস্টার থাকায় তারা সকলের সামনে কোমড়ে দড়ি পড়িয়ে টেনে নিয়ে গিয়েছিল।
সেই ঘটনার পর আমার বাবা আজও সাধারণ জীবনে ফিরতে পারেনি। তাই আমার জন্য এই রায়টি অনেক বড় একটি বিষয়। অনতিবিলম্বে হাসিনার ফাঁসি নিশ্চিত করা হোক।’
এসময় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, ‘শাপলা ট্রাজেডি, আবরার ফাহাদ হত্যা, ১৮-এর কোটা সংস্কার আন্দোলনে হত্যাযজ্ঞ এবং ২৪ এর আন্দোলনের হত্যাকাণ্ডগুলো হাসিনার নির্দেশনাতেই হয়েছে। বাংলাদেশের মানুষেরা আজ অত্যন্ত উচ্ছ্বসিত এই রায় নিয়ে।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর রায়ে ৫টি অভিযোগের ৩টিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মামলার অন্য দুই আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে।


















