নিজস্ব প্রতিবেদক : দেশে বৈষম্য বিরোধী আইন করার ওপর গুরুত্বারোপ করেছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম-এর আহবায়ক ও সেণ্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার (১৫ নভেম্বর) দুপুরের দিকে রাজশাহীর পবা উপজেলার ব্র্যাক লার্নিং সেন্টারের হলরুমে নাগরিক প্লাটফর্ম-এর প্রাক নির্বাচনী উদ্যোগের অংশ হিসেবে রাজশাহী আঞ্চলিক পরামর্শ সভায় তিনি একথা বলেন।
অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে ড. দেবপ্রিয় ভট্টাচার্য অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীদের কাছে প্রশ্ন রেখে বলেন, দিনের ভোট আর রাতে হবে না। নেতারা বলে যাবেন আর জনতা শুনবে এই পরিস্থিতি উল্টাতে হবে।
নির্বাচন পরবর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা কী তা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের কাছে জানতে চান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। এসময় নিরাপত্তা, জবাবদিহিতা, বৈষম্য বিরোধী আইন, দুনীতি বন্ধ ও সুশাসন প্রতিষ্ঠা, জুলাই সনদের বাস্তবায়ন ও সংস্কারসহ জাতীয় ও স্হানীয় নানা গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনায় উঠে আসে।
দেবপ্রিয় বলেন, বাংলাদেশে মানবাধিকার কমিশন আইন থাকলেও বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে কমিশন পুনর্গঠন বা গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি।উপস্থিত অংশগ্রহণকারীদের মতামতের সারসংক্ষেপ তুলে ধরে তিনি বলেন, রাজশাহীকে কেন্দ্র করে স্থানীয় অন্তত ৪টি বড় বিষয় উঠে এসেছে। প্রথমত হলো, রাজশাহী যে মরুকরণ, তিস্তা এবং অন্যান্য নদীতে এখানে যে পানির ক্ষেত্রে সংকট সেটা নিরসনের বিষয়। দ্বিতীয়ত, এই অঞ্চলে যে জ্বালানির সংকট রয়েছে গ্যাসসহ অন্যান্য ব্যাপারে। তৃতীয়ত, যোগাযোগ ব্যবস্থা, রাজশাহীর সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা এবং চতুর্থত এখানে শিল্প নেই, বিশেষ করে কৃষিশিল্পের ব্যাপারে অনেকেই গুরুত্ব আরোপ করেছেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, স্বাস্থ্যসেবা, মানসম্পন্ন শিক্ষা, যে সমস্ত দরিদ্র মানুষের সামাজিক সুরক্ষা ইত্যাদির বিষয় আছে, কিন্তু লক্ষণীয় হলো সবচেয়ে বেশি যে আলোচনাটি গুরুত্ব সহকারে উঠে এসেছে তা হলো নিরাপত্তা। এটা শুধু অর্থনৈতিক নিরাপত্তার বিষয় না। এটা শুধু আর্থিক অন্যান্য নিরাপত্তার বিষয়ও না। সামাজিক নিরাপত্তা, সাংস্কৃতিক নিরাপত্তা এবং ব্যবসার ক্ষেত্রে নিরাপত্তা ইত্যাদির বিষয়টি খুব গুরুত্ব সহকারে এসেছে।
তিনি বলেন, ‘এই নিরাপত্তাকে যদি জোরদার করা না যায়, তাহলে একটি সুষ্ঠু নির্বাচন করা কষ্টকর হবে বলে অংশগ্রহণকারীরা বিবেচনা করেছেন। নিবার্চনরোত্তর নিরাপত্তার বিষয়টিও তাদের কাছে কম গুরুত্বপূর্ণ নয়। কাজেই এ সমস্ত বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে।’- বলেন দেবপ্রিয় ভট্টাচার্য।
এ অঞ্চলভিত্তিক পরামর্শ সভাটি জাতীয় নির্বাচনের আগে ‘সিটিজেন ম্যানিফেস্টো’ প্রণয়নের অংশ হিসেবে আয়োজন করা হয়। এতে প্রান্তিক জনগোষ্ঠীর মতামত, দাবি ও অগ্রাধিকারগুলো তুলে আনাই মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে শিক্ষক, গবেষক, স্থানীয় জনপ্রতিনিধি, আইনজীবী, উদ্যোক্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সদস্যরা অংশ নেন।
এতে অন্যদের মধ্যে রাবির উপ-উপাচার্য প্রফেসর ড. ফরিদ উদ্দিন খান ও আয়োজক সংগঠনের কম’কতা’রা উপস্থিত ছিলেন।


















