নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বেলুনে হিলিয়াম গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিগ্রাম এলাকার সাফিনা পার্কের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- গোদাগাড়ীর দেওয়ানপাড়া গ্রামের রাকিবুল ইসলাম (৬৫) ও জলসরি (৩৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া গ্রামের হামিম আলী (১৭) ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার সিরাজপুর গ্রামের একরামুল হক (৫৪) ও রনি আহমেদ (২২)।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রত্যেকের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বেলুন বিক্রেতা সিলিন্ডারে থাকা হিলিয়াম গ্যাস বেলুনে ভরছিলেন। তখন সিলিন্ডারটি বিস্ফোরিত হলে বেলুন বিক্রেতাসহ পাঁচজন দগ্ধ হন।
রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শংকর কে রায় গণমাধ্যমকে জানান, আহতদের বার্ন ইউনিটের ২৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের প্রত্যেকের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। চিকিৎসা চলছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।


















