শুক্রবার , ১৪ জুন ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাজশাহীতে গাছ কাটার প্রতিবাদে প্রতীকী শোকসভা

প্রতিবেদক
editor
জুন ১৪, ২০২৪ ৯:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে প্রস্তাবিত কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের স্থানে কয়েকটি শতবর্ষী গাছ কাটার প্রতিবাদে প্রতীকী নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুন) বেলা ১১টায় নগরীর রাজারহাতা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের জন্য নির্ধারিত স্থানে পরিবেশবাদীরা এ কর্মসূচির আয়োজন করেন। সেখানে ব্যানার সাইজের কালো রঙের একটি কাপড় নিয়ে দাঁড়ান তারা। এসময় তাদের হাতে গাছ না কাটার আহ্বান জানিয়ে লেখা ছোট ছোট পোস্টার ছিল।
এতে লেখা ছিল, ‘বৃক্ষ আমার জীবন রক্ষা করে’, ‘বৃক্ষ হত্যার বিচার চাই’, ‘নাগরিকের মতামত ছাড়া এই উন্নয়ন বন্ধ কর’, ‘রাজশাহীর উন্নয়নে বৃক্ষ হত্যা বন্ধ কর’ ইত্যাদি। জেলা পরিষদের মালিকানাধীন এই জায়গায় কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য পাঁচটি গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেয় জেলা পরিষদ। গতকাল বৃহস্পতিবার (১৩ জুন) ঠিকাদারের লোকজন তিনটি গাছ কেটেও ফেলেন। আরো দুটি কেটে ফেলার প্রস্তুতি চলছিল।
এসময় খবর পেয়ে পরিবেশবাদীরা ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেন। আর তিনটি গাছ কেটে ফেলার প্রতিবাদে এই নাগরিক শোকসভার আয়োজন করা হয়।
বক্তারা বলেন, গাছ কাটার প্রক্রিয়ার কথা জানতে পেরে গত ২৬ মে তারা জেলা পরিষদের চেয়ারম্যান মীর ইকবালের সঙ্গে দেখা করেন। সেদিন তারা গাছ না কেটেই নকশা বদলে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের দাবি জানিয়েছিলেন। জেলা পরিষদ চেয়ারম্যানও তাদের আশ্বাস দিয়েছিলেন গাছ না কাটার। কিন্তু সে কথা রাখা হয়নি। ওই আলোচনার পর জেলা পরিষদ পাঁচটি গাছ বিক্রি করেছে।
তারা আরো বলেন, প্রতিনিয়ত রাজশাহীর বিভিন্ন স্থানে গাছ কেটে ফেলার কারণে সবুজ রাজশাহী আর সবুজ নেই। তাপমাত্রা বেড়ে গেছে চরমভাবে। তাই শোকসভা থেকে বক্তারা হুসিয়ারি দিয়ে বলেন, রাজশাহীতে আর কোথাও একটি গাছও কাটতে দেওয়া হবে না। নাগরিক সমাজের মতামত ছাড়া যেখানেই সরকারি গাছ কাটা হবে, সেখানেই তারা রুখে দাঁড়াবেন। রাজশাহীর পরিবেশ ও প্রকৃতি রক্ষায় গাছ হত্যার বিরুদ্ধে তারা বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তুলবেন বলেও জানান।
এ কর্মসূচিতে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের আহ্বায়ক মাহবুব টুংকু, সদস্যসচিব নাজমুল হোসেন রাজু, গবেষক শহিদুল ইসলাম প্রমুখ। শোকসভা পরিচালনা করেন ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সভাপতি শামীউল আলীম শাওন।

সর্বশেষ - অন্যান্য