রাবি প্রতিবেদক :’পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হবে আগামীকাল রোববার (২৪ আগস্ট) থেকে। আমরা ইতোমধ্যেই প্রভোস্টগণকে অবহিত করেছি। এছাড়া আবসিক হলগুলোতে ২ জন করে সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে।’ গণমাধ্যমকে এক প্রশ্নের জবাবে এমনটাই জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমান।
তবে নির্ধারিত সময়ে মনোনয়নপত্র বিতরণ শুরু না করা, টানা দুইবার তফসিল পুনর্বিন্যাস করার পর সবশেষ খবর—রাকসুর প্রধান নির্বাচন কমিশনারকে পিএসসি সদস্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন নিয়ে ক্যাম্পাসে শঙ্কা তৈরি হয়েছে। এরইমধ্যে পদত্যাগও করেছেন রাকসু সিইসি অধ্যাপক ড. আমজাদ হোসেন।
প্রধান নির্বাচন কমিশনার পিএসসি সদস্য হওয়ার পর রাকসু কার্যক্রম কিভাবে চলছে—সে বিষয়ে জানতে চাওয়া হলে প্রধান রিটার্নিং কর্মকর্তা ড. সেতাউর রহমান বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করলেও, নির্বাচনী কার্যক্রম আমরা চালিয়ে নিচ্ছি। মনোনয়ন বিতরণের সমস্ত কার্যক্রমও আমরা শেষ করে ফেলেছি।’
বিষয়টি নিয়ে রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন জানান, ‘রাকসু নির্বাচনের কোনো কার্যক্রমই থেমে থাকবে না। মনোনয়নপত্র বিতরণ নির্ধারিত সময়েই শুরু হবে; এ নিয়ে কমিশনের সিনিয়র কয়েকজন কাজ করছেন।’
এদিকে রাকসু অফিস সূত্রে জানা গেছে, রাকসু ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এর জন্য ৫০০ (পাঁচশত) টাকা এবং হল ছাত্র সংসদ-এর জন্য ৪০০ (চারশত) টাকা অগ্রণী ব্যাংক রা.বি শাখার হিসাব নং- ০২০০০২৪২৮২১৭৭-এ প্রদান করে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
উল্লেখ্য, রাকসু ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র, প্রধান রিটার্নিং অফিসারের কার্যালয় (কোষাধ্যক্ষ কার্যালয়, রাকসু)-এ এবং হল ছাত্র সংসদ নির্বাচনের জন্য সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসার/প্রাধ্যক্ষ-এর কার্যালয়ে ব্যাংক স্লিপ জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। আগামী ১৫ সেপ্টেম্বর রাকসু ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা হবে।


















