বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পানিবন্দী ৩টি গ্রামের প্রায় ৫০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দিনব্যাপী এই ত্রাণসামগ্রী বিতরণ করেন বাঘা উপজেলার বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুজ্জামান খান মানিক।
এসময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন মানবিক নেতা। তার নির্দেশনায় বন্যাদুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিএনপি নেতা নুরুজ্জামান খান মানিক বলেন, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী অঙ্গ সংগঠনগুলো স্থানীয়ভাবে ও কেন্দ্রীয়ভাবে বন্যাদুর্গত এলাকার মানুষের পাশে সবসময় আছে এবং থাকবে।
বুধবার বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, লবন ও স্যালাইন।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন, বাঘা উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি এবং উপজেলা কৃষক দলের আহবায়ক সেলিম আরিফ, বাঘা উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও দফতর সম্পাদক সাইফুল ইসলাম নান্নু, বাঘা পৌরসভার সাবেক প্যানেল মেয়র রোকনুজ্জামান মিঠু, হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তালিব, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাহিদ হাসানসহ চকরাজাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, চকরাজাপুর ইউনিয়নের ৬টি গ্রাম পলাশী ফতেপুর, কালিদাসখালী, আতারপাড়া, চৌমাদিয়া, দিয়াড় কাদিরপুর, লক্ষীনগর ও গড়গড়ি ইউনিয়নের ৪টি গ্রাম কড়ারি নওশারা, খানপুর গুচ্ছগ্রাম, আশরাফপুর এবং খানপুর নীচ পাড়াসহ আক্রান্ত এলাকার ১০ গ্রামের মোট জনসংখ্যা ৮ হাজার। এর মধ্যে পানিবন্দী ২ হাজার ৪০০ পরিবার।
চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর উচ্চ বিদ্যালয় ও চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ে ৮দিনের জন্য ছুটি ঘোষনা করা হয়েছে। লক্ষ্মীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও পানি উঠেছে।
উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান বলেন, উপজেলার প্রায় শতাধিক হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, দুযোর্গ মোকাবেলায় তাদের প্রস্তুতি রয়েছে। মানবিক সহায়তায় ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।


















