নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে দুটি মাথা নিয়ে একটি মেয়ে শিশুর জন্ম হয়েছে। শনিবার (২ আগস্ট) রাতে রাজশাহী খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে শিশুটির জন্ম হয়।
পরিবারের সদস্যরা জানান, প্রসূতিকে রাজশাহীর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে ভর্তির পরে রাত ৮টার দিকে একটি মেয়ে শিশুর জন্ম দেন তিনি। শিশুটির দেহ একটি হলেও মাথা দুটি।
চিকিৎসকেরা শিশুটিকে দেখার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেছেন। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে রায় গণমাধ্যমকে জানান, ‘মেয়ে শিশুটি যমজ নয়, এটি জন্মগত ত্রুটি।
শিশুটির দেহ ও যৌনাঙ্গ একটিই, তবে মাথা দুটি। মুখমণ্ডল দুটি হওয়ার কারণে শিশুটির চারটি চোখ, চারটি কান, দুটি মুখ ও দুটি নাক রয়েছে। শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এ ধরনের শিশুর জন্মগ্রহণ বিরল। তবে আগে তার জীবন বাঁচানোটাই প্রধান কাজ। সেভাবেই চলছে চিকিৎসা।’


















