নিজস্ব প্রতিবেদক : বৈষম্য নিরসনে তিন দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে নগরীর তালাইমাড়ি মোড় অবরোধ করে আন্দোলন করেন তারা। এর আগে সকালে রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর ক্যাম্পাসের বিভিন্ন হল ও সড়ক প্রদক্ষিণ করে তালাইমাড়ি মোড়ে এসে দুপুরে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
দাবিগুলো হলো—নবম গ্রেডে কোনো ধরনের কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া যাবে না। এখানে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ দিতে হবে। দশম গ্রেডে সবাইকে উন্মুক্ত করতে হবে এবং প্রকৌশল ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি লিখতে পারবেন না।
এসময় শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের তিন দফার প্রথম দাবি হলো নবম গ্রেডে কোনো ধরনের কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া যাবে না, এখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে। ডিপ্লোমাধারীরা যদি নিয়োগ পেতে চায়, তাহলে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করে নিয়োগ পেতে হবে। আর দশম গ্রেডে সবাইকে উন্মুক্ত করতে হবে। এখানে সবাই আবেদন করতে পারবেন।’
তারা আরো বলেন, ‘দশম গ্রেডে আমাদের কোনো ধরনের আবেদনের সুযোগ দেওয়া হয়নি। সেখানে আমাদের সুযোগ দিতে হবে। এখন বিএসসি ইঞ্জিনিয়ারিং না পড়েও অনেকে প্রকৌশলী হিসেবে পরিচয় দেন। এই ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি লিখতে পারবে না। ডিপ্লোমারা টেকনিশিয়ান পদবি ব্যবহার করবেন। তারা প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবেন না।’
তিন দফা দাবি আদায় না হলে পরে আগামীতে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা। কর্মসূচিতে রুয়েটের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।


















