নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা উপজেলার রামপুর এলাকা থেকে মাহবুর নামে এক কৃষকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার রামপুর এলাকার মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মাহবুর উপজেলার হাট-মাধ নগর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানিয়েছে, শুক্রবার সকালে রামপুর এলাকার একটি কৃষি জমিতে রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি থানায় জানালে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে হত্যার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম গণমাধ্যমকে জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত শুরু করেছে পুলিশ।


















