নিজস্ব প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৩ ও ২০২৪ সিরিজের ছাত্র-ছাত্রীদের নবীনবরণ, ২০১৯ সিরিজের ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সিএসই সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “শিক্ষা, নৈতিকতা ও প্রযুক্তির সমন্বয়েই গড়ে ওঠে পরিপূর্ণ প্রকৌশলী। নবীনদের শুভেচ্ছা ও বিদায়ীদের সফল, মানবিক ভবিষ্যৎ কামনা করছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. বশির আহমেদ এবং ছাত্র কল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। স্বাগত বক্তব্য রাখেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ও সিএসই সমিতির কোষাধ্যক্ষ মো. আজমাইন ইয়াক্কীন সৃজন।
উপাচার্য নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করেন এবং বিদায়ী ছাত্র-ছাত্রীদের হাতে ক্রেস্ট তুলে দেন। এছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে সিএসই বিভাগের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

















