শনিবার , ২১ জুন ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

দুর্ভাগ্যের শিকার মুশফিক, ড্রয়ের পথে গল টেস্ট

প্রতিবেদক
editor
জুন ২১, ২০২৫ ১২:৩২ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : গল টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর বাংলাদেশের হাল ধরেছিলেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ইনিংসের পরিস্থিতি ঠিক অনুরূপ না হলেও, এবারও বড় লিডের গুরুভারটা এই দুজনই কাঁধে নিয়েছিলেন। তবে দুর্ভাগ্যের রানআউটে ৪৯ রানে ফিরতে হলো মুশফিককে। অন্যদিকে, টাইগার অধিনায়ক শান্ত টানা দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির পথে আছেন। তার অপরাজিত ৮৭ রানে ভর করে বাংলাদেশের লিড এখন ২৪৭ রান।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে প্রায় নিশ্চিত ড্রয়ের পথে থেকে আজ (শনিবার) পঞ্চম দিনে খেলতে নেমেছে বাংলাদেশ। মুশফিকের আউটের পরপরই শুরু হয়েছে বৃষ্টি। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৩৭ রান। এর সঙ্গে যোগ হয়েছে প্রথম ইনিংসে পাওয়া ১০ রানের লিড।

মুশফিকের রান আউটে যেমন দুর্ভাগ্যকে দায় দেওয়া যায়, তেমনি আত্মাহুতিও বলা যেতে পারে মিস্টার ডিফেন্ডেবলের। ৭৬ ওভারে প্রবাথ জয়সুরিয়ার একেবারে শেষ ডেলিভারি মিড অনে ঠেলে দিয়ে তিনি দ্রুত এক রান নিতে চেয়েছিলেন। প্রায় পৌঁছেও গিয়েছিলেন নন-স্ট্রাইক প্রান্তে। কিন্তু তার ব্যাট দাগ পেরোনোর আগেই থারিন্দু রত্ননায়েকের সরাসরি থ্রো স্টাম্প ভেঙে দেয়। ফলে এক রানের জন্য ফিফটি পাওয়া হয়নি তার।

১০২ বলে ৪টি চারের বাউন্ডারিতে ৪৯ রান করলেন মুশফিক। শান্ত ১৬৮ বলে ৯টি চারের সাহায্যে ৮৭ রানে অপরাজিত আছেন। আজ সেঞ্চুরি পেলে টানা তিন অঙ্কের ম্যাজিক ফিগার নিয়ে কিংবদন্তিদের কাতারে প্রবেশ করবেন বাংলাদেশ অধিনায়ক। এর আগে চতুর্থ দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে আউট হয়েছিলেন ওপেনার সাদমান ইসলাম (৭৬)। এরপর প্রথম ইনিংসের মতো ১১১ রানের জুটি গড়েন শান্ত-মুশফিক।

চতুর্থ দিনের শুরুতে দারুণ বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও আধিপত্য বিস্তার করেছে টাইগাররা। অনেকটাই ড্রয়ের পথে এগোতে থাকা এই ম্যাচের লাগামটা এখনো বাংলাদেশের হাতেই আছে। চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৭৭ রান। সবমিলিয়ে টাইগারদের লিড এখন ১৮৭ রানের। এর আগে প্রথম ইনিংসে ৪৯৫ রান করেছিল সফরকারীরা। আর নিজেদের প্রথম ইনিংসে ৪৮৫ রানে থেমেছিল শ্রীলঙ্কা।

দিনের খেলা শেষে স্পিনার নাঈম হাসান জানালেন ম্যাচ জেতার কথা। তিনি বলেন, ‘দেখেন উইকেট এখনও ভালো ছিল। লাস্ট দিনের উইকেট কী হবে, এখন ক্র্যাক করছে উইকেটে। আমরা যত ভালো টোটাল দিতে পারি, আমাদের দলের দরকার হবে যেমন, তাহলেই ভালো হবে, (তখন) ওরা চাপে থাকবে।’

পরে ব্যাটিং পরিকল্পনা নিয়ে নাঈম জানান, ‘দেখেন যারা মাঝখানে ব্যাটিং করছে, তাদের চেয়ে ভালো কেউ বলতে পারবে না (কীভাবে ব্যাটিং করলে ভালো হবে)। আসলে তারাই বুঝতে পারছে কেমন উইকেট। আল্লাহর রহমতে ভালো একটা জায়গায় আছি আমরা। খুব সুন্দর খেলছে দুজনই (শান্ত এবং মুশফিক)। সাদমান (ইসলাম) ভাই, শান্ত ভাই, মুশফিক ভাইও ভালো ব্যাট করছে। যেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো। খুব ভালো ব্যাটিং করছে। খুব ভালো শুরু করেছে। এটা এখন চালিয়ে যেতে হবে।’

ম্যাচ জেতার ব্যাপারে নাঈম আরও বলেছেন, ‘আসলে ৫ম দিনে অনেক কিছু হয় উইকেটে। আমরা ভালো টোটাল দিতে পারলে তখন তারা চাপে থাকবে। নরমাল ক্রিকেট খেলা এক জিনিস, চাপে থাকলে আরেক জিনিস। তখন ওদের ম্যাচ হারার ভয় থাকবে। অনেক কিছু করা সম্ভব। যদি ইনশাল্লাহ ভালো টোটাল দেই, আমাদের জন্য ভালো।’

সর্বশেষ - অন্যান্য